

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার: কক্সবাজারের কুতুবদিয়া চ্যানেলে বড়ঘোপ সী-ট্রাক ঘাটে পন্টুনের একটি সাপোর্ট পিলার ভেঙে যাওয়ায় জেটির নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। রোববার (৩ মে) বিকেলে বিকট শব্দে পিলারটির শিকল ছিঁড়ে গেলে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, জোয়ারের পানি বৃদ্ধি পেলে এবং সী-ট্রাক ভিড়লে জেটিটি আরও ঝুঁকির মুখে পড়তে পারে। এতে যাত্রীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
প্রত্যক্ষদর্শী শাহেদুল ইসলাম বলেন, বিকেলে হঠাৎ বিকট শব্দ শুনে সবাই চমকে ওঠেন। পরে দেখা যায়, পন্টুনের সাপোর্ট পিলারটি শিকল ছিঁড়ে কাত হয়ে পড়েছে। এ সময় পারাপারের জন্য অপেক্ষমাণ যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সরেজমিনে দেখা গেছে, পুরো পন্টুনে চারটি সাপোর্ট পিলার রয়েছে। এর মধ্যে দুটি পিলারের লোহার শিকল ছিঁড়ে গেছে এবং একটি পিলার কাত হয়ে আছে। এতে পন্টুনটি নড়বড়ে হয়ে পড়েছে, যা জেটির জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ফ্লোট-৬ কুতুবদিয়া সী-ট্রাক ঘাটের গেট অপারেটর শওকত হোসেন বলেন, ঘটনার পরপরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

