

মোহাম্মদ আবদুর রহিম, লাকসাম: কুমিল্লার লাকসামে গোপনে অনুষ্ঠিত হতে যাওয়া এক বাল্যবিবাহের আসর ভেঙে দিয়ে আলোচনার ঝড় তুলেছেন কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালাম। তাঁর তাৎক্ষণিক হস্তক্ষেপে অর্পিতা রানী দেবনাথ নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে।
জানা গেছে, লাকসাম উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের দেবীপুর গ্রামে বিশ্বজিৎ দেবনাথের বড় মেয়ে অর্পিতার বিয়ে ঠিক করা হয় চট্টগ্রামের ২২ বছর বয়সী এক যুবকের সঙ্গে। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান সংসদ সদস্য আবুল কালাম। তিনি সরাসরি অর্পিতার বাড়িতে গিয়ে পরিবার ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন। এক পর্যায়ে যুক্তি ও আইনের দিক তুলে ধরে তাদের রাজি করিয়ে বিয়ে বন্ধ করে দেন।
এ সময় আবুল কালাম বলেন, “সরকারি আইন অনুযায়ী কোনোভাবেই বাল্যবিবাহ গ্রহণযোগ্য নয়। একটি মেয়ের ভবিষ্যৎ নষ্ট করে এমন সিদ্ধান্ত কখনোই মেনে নেওয়া যায় না।” তিনি অর্পিতার পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণাও দেন, যা উপস্থিত সবার মধ্যে স্বস্তি ও প্রশংসা কুড়িয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা, লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুর রহমানসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
স্থানীয়দের মতে, সময়মতো প্রশাসন ও জনপ্রতিনিধির হস্তক্ষেপ না হলে একটি কিশোরীর জীবন অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হতো। ঘটনাটি এখন পুরো এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

