

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া পৌরসভার ছোট কালিয়া এলাকায় অবস্থিত শামসুন্নাহার কিন্ডারগার্টেন বিদ্যালয়ে ক্লাস চলাকালীন শ্রেণিকক্ষের উপর নারিকেল গাছ ভেঙ্গে পড়ে দু’শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টার দিকে ঝড়ের সময় টিন দিয়ে নির্মিত স্কুল ঘরের উপর নারিকেল গাছ ভেঙ্গে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত শিশু সিয়াম শেখ (১১) ও মাজেদুল শেখ (৯) কে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সিয়াম শেখ’র অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সিয়াম ছোট কালিয়া গ্রামের নুর জামালের ছেলে এবং মাজেদুল রামনগর গ্রামের জহির শেখের ছেলে।
কালিয়া থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে বিদ্যালয়ে ক্লাস চলাকালে হঠাৎ ঝড়ো হাওয়ায় বিদ্যালয় প্রাঙ্গনে থাকা ঝুঁকিপূর্ণ একটি পুরনো নারিকেল গাছ ভেঙে শ্রেণিকক্ষের ওপর পড়ে। এতে ক্লাসে থাকা শিক্ষার্থীদের মধ্যে দু’জন গুরুতর আহত হয়। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সিয়াম শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ গাছটি অপসারণ বা ছাঁটাই না করায় স্কুল কর্তৃপক্ষের বিরূদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন অভিভাবক ও এলাকাবাসী। তবে শামসুন্নাহার কিন্ডারগার্টেন বিদ্যালয় কর্তৃপক্ষ এ নিয়ে কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি।
এ বিষয়ে কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জিন্নাতুল ইসলাম বলেন, আহত শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়ে স্কুল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে। আহতদের চিকিৎসার সকল ব্যয় স্কুল কর্তৃপক্ষকে বহন করতে বলা হয়েছে। পাশাপাশি স্কুলের সকল কাগজপত্র তলব করা হয়েছে। কোনো গাফিলতি প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
