

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে এক ছাত্রীকে ইভটিজিং ও কৃষি জমি হতে মাটি কাটার অপরাধে পৃথক তিনটি মামলায় ভ্রাম্যমাণ আদালত একজনকে বিনাশ্রম কারাদন্ড এবং দুইজনকে এক লাখ টাকা জরিমানা করেছে।
বুধবার (২৯ এপ্রিল) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা। এসময় বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম ও কালীগঞ্জ থানা পুলিশ সাথে ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার বক্তারপুর ইউনিয়নের উত্তর খৈকড়া গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র নাজমুল আলম (৪২) দীর্ঘদিন যাবত চুপাইর উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে ইভটিজিং করে আসছিল। বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালত তাকে দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় ১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দুপুরে একই আদালত বিনা অনুমতিতে কৃষি জমি হতে মাটি কাটার অপরাধে নাগরী ইউনিয়নের মৃত আব্দুল লতিফের পুত্র মোঃ মাহবুবুর রহমান (৪৮) ও পিপুলিয়া গ্রামের আব্দুল মালেকের পুত্র মোঃ আতিককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা আদায় করেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন জানান, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত একজনকে বুধবার বিকেলে গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

