

একে মিলন, সুনামগঞ্জ: সুনামগঞ্জে গত ২৪ ঘণ্টায় মৌসুমের সর্বোচ্চ ১৩৭ মিলিমিটার বৃষ্টিপাত এবং উজান থেকে আসা পাহাড়ি ঢলে তলিয়ে যাচ্ছে বোরো ধান। অতিবৃষ্টি ও পানির চাপে জেলার দুটি উপজেলায় বাঁধ ভেঙে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত রেকর্ড বৃষ্টিপাতে নদী ও হাওরের পানি বৃদ্ধি পেয়েছে। পাহাড়ি ঢলের তোড়ে কৃষকের চোখের সামনেই তলিয়ে যাচ্ছে পাকা ধান।
মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের ইকরাছই হাওর এবং সদর উপজেলার দেখার হাওরের গুজাউনি বাঁধ ভেঙে পানি ঢুকছে। এ ছাড়া বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওরের একটি বাঁধ উপচে পানি ঢোকার ঝুঁকিতে রয়েছে।
কৃষি কর্মকর্তাদের মতে, জেলায় এখন পর্যন্ত ৪৪ শতাংশ ধান কাটা হয়েছে। অর্ধেকের বেশি ধান এখনো মাঠে থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতির শঙ্কা দেখা দিয়েছে।
বৈরী আবহাওয়া, বজ্রপাত আতঙ্ক এবং শ্রমিক সংকটের কারণে ধান কাটা ব্যাহত হচ্ছে। এমনকি খলায় রাখা কাটা ধানও বৃষ্টির পানিতে নষ্ট হয়ে যাচ্ছে। বর্তমানে হাওরের ফসল রক্ষা বাঁধগুলো চরম ঝুঁকির মুখে রয়েছে এবং পুরো পরিস্থিতি এখন প্রকৃতির ওপর নির্ভর করছে।

