

‘ভারি থেকে অতিভারি’ বৃষ্টিপাতের প্রভাবে সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার নিম্নাঞ্চলে বন্যা হতে পারে বলে আভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্যের বরাতে সোমবার কেন্দ্রের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সকাল ৯টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকায় এবং দেশের উজানে ‘মাঝারি ধরনের ভারি’ থেকে ভারি বৃষ্টিপাত হয়েছে।
এসব অঞ্চলে আগামী তিন দিনও ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
এর ফলে দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার সিলেট, সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা ও মৌলভীবাজার, হবিগঞ্জ জেলার মনু-খোয়াই নদীর পানি আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে।
তৃতীয় দিন, অর্থাৎ বুধবার সুরমা, কুশিয়ারা, খোয়াই, জুড়ি নদী এবং এর প্রধান উপনদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে ‘প্রাক-মৌসুমি বিপৎসীমার’ উপর দিয়ে প্রবাহিত হতে পারে। এর ফলে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে সৃষ্টি হতে পারে বন্যা পরিস্থিতির।
তবে হাওর অববাহিকার সুরমা-কুশিয়ারা ও ধনু-বাউলাই নদীর পানি গত ২৪ ঘণ্টায় হ্রাস পেয়েছে। অপরদিকে ভোগাই-কংস নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং নদীগুলো এখনো ‘প্রাক-মৌসুমি বিপৎসীমার’ নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহান বলেন, “আমরা মূলত তিন দিনের জন্য সতর্কতা বার্তা দিয়েছি। বুধবার থেকে এই পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এই বন্যা বৃষ্টিপাতের সঙ্গে সম্পর্কিত। বৃষ্টিপাত কমে গেলে পরিস্থিতির উন্নতি হতে পারে।”

