

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের দুটি আইসোলেশন কর্নারে ভর্তি রয়েছে ৯০ জন রোগী। গত ২৪ ঘণ্টায় জেলা হাসপাতালের হাম আইসোলেশন কর্নার থেকে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়েছেন ১৪ জন রোগী।
সোমবার (২৭ এপ্রিল) সকালে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল কর্তৃপক্ষ এসব তথ্য জানায়। জানা যায়, হাসপাতালে ভর্তি থাকা ৯০ জনের মধ্যে ৩৬ জন ছেলে ও ৫৪ জন মেয়ে। তারা হাসপাতালের দুটি হাম আইসোলেশন কর্নারে চিকিৎসা নিচ্ছে।
২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ মশিউর রহমান বলেন, সম্প্রতি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। রোগীর চাপ সামাল দিতে আমরা হাসপাতালের পুরাতন ভবনের তৃতীয় তলায় একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করেছি। পর্যাপ্ত চিকিৎসক ও নার্স সংকটের মাঝেও আমরা বিকল্প উপায়ে লোকবল নিয়োগ দিয়ে নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করার চেষ্টা করছি। এছাড়া হাসপাতালসহ জেলাজুড়ে হামের টিকাদান কর্মসূচি চলমান রয়েছে।
এদিকে, সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দিন জানান, গত চলতি বছরের জানুয়ারি থেকে সোমবার (২৭ এপ্রিল) পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১০১৮ জন। এখন পর্যন্ত ১৭৪ জনের নমুনা পরীক্ষায় ৪৩ জন শিশুর শরীরে হাম ভাইরাস শনাক্ত হয়েছে। হামের উপসর্গ নিয়ে চাঁপাইনবাবগঞ্জে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৭ জনের।
আর হামের প্রাদুর্ভাব নির্মূলে শুরু হওয়া টিকাদান কর্মসূচির আওতায় এ পর্যন্ত ১ লাখ ৭১ হাজার ৪১৮ জন শিশুকে টিকা দেয়া হয়েছে। আর ৫টি উপজেলার এ কার্যক্রমের আওতায় ২ লাখ ১ হাজার ৮৯৭ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে।

