ঢাকা
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৮
logo
প্রকাশিত : এপ্রিল ২২, ২০২৬

চৌগাছায় মডেল মসজিদের জায়গা নিয়ে প্রশাসন ও ব্যবসায়ীদের মধ্যে বিরোধ চরমে

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলায় প্রস্তাবিত মডেল মসজিদ নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী, কৃষক ও প্রশাসনের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। নির্ধারিত স্থানে মসজিদ নির্মাণ হলে ব্যবসায়িক ক্ষতির আশঙ্কায় স্থান পরিবর্তনের দাবি জানিয়েছেন কাঁচাবাজারের ব্যবসায়ীরা।

বুধবার (২২ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন নির্ধারিত স্থানে মাটি পরীক্ষা শুরু করলে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় কৃষক, শ্রমিক ও ব্যবসায়ীরা। তাদের বিক্ষোভের মুখে ঠিকাদারি প্রতিষ্ঠান সাব-সয়েল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড কাজ বন্ধ করে মালপত্র গুটিয়ে স্থান ত্যাগ করে।

জানা গেছে, চৌগাছা পাইকারি কাঁচাবাজারের দক্ষিণ-পশ্চিম পাশে মডেল মসজিদ নির্মাণের জন্য জায়গা নির্ধারণ করা হয়েছে। তবে ওই স্থানে প্রায় ১৭২টি আড়ৎ রয়েছে, যেখানে সরাসরি ও পরোক্ষভাবে প্রায় আড়াই হাজার পরিবার জীবিকা নির্বাহ করে। ব্যবসায়ীদের দাবি, এখানে মসজিদ নির্মাণ হলে তাদের বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে।

ব্যবসায়ীরা জানান, তারা ইতোমধ্যে উপজেলা ও পৌর প্রশাসনের কাছে একাধিকবার স্মারকলিপি দিয়েছেন। তাদের প্রত্যেকের বিনিয়োগ ৫ লাখ থেকে ৫০ লাখ টাকার মধ্যে। বাজারের মাঝখানে মসজিদ নির্মাণ হলে পুরো বাজার ব্যবস্থাই ক্ষতিগ্রস্ত হবে বলে তারা আশঙ্কা করছেন।

চৌগাছা কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আয়নাল হোসেন বলেন, “আমরা মডেল মসজিদের বিরোধী নই। তবে বর্তমান স্থানে নির্মাণ হলে ২৫০০ থেকে ৩০০০ পরিবারের জীবিকা হুমকির মুখে পড়বে। বাজারের পাশেই বিকল্প জায়গা রয়েছে, সেখানে মসজিদ নির্মাণ করা হলে সবার জন্যই সুবিধাজনক হবে।”

সমিতির সভাপতি মশিউর রহমানও একই দাবি জানিয়ে বলেন, “সাধারণ মানুষের ক্ষতি করে মসজিদ নির্মাণ ইসলাম সমর্থন করে কি না—এ বিষয়টি বিবেচনা করা উচিত।”

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী আলতাফ হোসেন বলেন, নির্ধারিত স্থানে বিপুল সংখ্যক মানুষের জীবিকা জড়িত থাকায় সেখানে কাজ চালানো সম্ভব হয়নি। বিক্ষোভের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে।

তবে এ বিষয়ে চৌগাছা উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারজানা ইয়াসমিন কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, পরে জানানো হবে।'

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram