

মোবারক হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার দুইটি কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষামন্ত্রী উপজোলার জয়মন্ডপ উচ্চ বিদ্যালয় ও সাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন তিনি। এসময় দায়িত্ব অবহেলার অভিযোগে দুই পরিক্ষা কেন্দ্রের পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতির নির্দেশ দেন মন্ত্রী।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, কেন্দ্র পরিদর্শনকালে শিক্ষামন্ত্রীর সাথে কোনো প্রটোকল ছিলো না এবং সরকারি গাড়ির পতাকাও ঢেকে রাখা ছিলো। একারণে পরিদর্শনের বিষয়টি কেউ আগে বুঝতে পারেননি।
পরিদর্শনকালে জয়মন্টপ উচ্চবিদ্যালয় কেন্দ্রে দুই শিক্ষার্থীকে একে অপরের খাতা দেখাদেখি করতে দেখে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। কিছু সময়ের জন্য তাঁদের খাতা আটকে রাখা হয়।
এছাড়া দায়িত্ব অবহেলার অভিযোগে পরীক্ষা কেন্দ্রের দুই পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতির নির্দেশ দেন মন্ত্রী। তারা হলেন, জয়মন্টপ উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার শিক্ষক ইকবাল হোসেন ও আকিজ ফাউন্ডেশন উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো: শাহরিয়ার কবির।
এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খায়রুন্নাহার, থানার ওসি মোঃ মাজহারুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

