ঢাকা
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২৮
logo
প্রকাশিত : এপ্রিল ২১, ২০২৬

পবিপ্রবিতে ডিভিএম ডিগ্রি পুনঃঅন্তর্ভুক্তির দাবিতে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

পবিপ্রবি প্রতিনিধি: আজ (২১ এপ্রিল) পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অ্যানিমাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিসিপ্লিনের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ডিভিএম ডিগ্রি পুনঃঅন্তর্ভুক্তি নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। শিক্ষার্থীদের অভিযোগ, তাদের মতামত উপেক্ষা করে ভয়ভীতি, হুমকি ও মানসিক চাপ প্রয়োগের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন জোরপূর্বক কম্বাইন্ড ডিগ্রি চাপিয়ে দিয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১১টায় বরিশাল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য পাঠ করেন ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিসিপ্লিনের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সানজিদুল আবেদিন। এ সময় আরও উপস্থিত ছিলেন আরিফুল ইসলাম, আফিফা হোসেন অনি, ফারিয়া আক্তার, শহিদুল ইসলাম, আল শাহরিয়ার হাসান, আব্দুল্লাহ আল নোমানসহ শতাধিক শিক্ষার্থী।

এ সময় শিক্ষার্থীরা জানান, ২০২৫ সালে ডিভিএম ও অ্যানিমেল হাজবেন্ড্রি ডিগ্রি বাতিল করে নতুন কম্বাইন্ড ডিগ্রি চালু করা হয়, যা তারা শুরু থেকেই প্রত্যাখ্যান করে আসছিলেন। এ বিষয়ে হাইকোর্টে রিট করলে আদালত বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে। এরপর স্ব স্ব ডিগ্রি বহাল রেখে একাডেমিক কার্যক্রম চালু রাখার রায় পাওয়ার পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ শিক্ষার্থীদের।

তাদের দাবি, প্রশাসনের পক্ষ থেকে হুমকি ও বৈষম্যমূলক আচরণের কারণে একাডেমিক ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়েছে। জানা যায়, শিক্ষার্থীরা গত ৪ মার্চ থেকে একাডেমিক কার্যক্রম বর্জন করছেন এবং এপ্রিলের শুরু থেকে ক্যাম্পাসে তালাবদ্ধ কর্মসূচি পালন করেছেন।

এ বিষয়ে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ডিভিএম লেভেল-৪, সেমিস্টার-২-এর শিক্ষার্থী শহিদুল ইসলাম বলেন, “আমরা দীর্ঘদিন ধরে ডিভিএম ডিগ্রি পুনর্বহালের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছি। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ডিভিএম শিক্ষকদের বারবার অবহিত করার পরও এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনো আশ্বাস পাইনি। তাই আমরা এক পর্যায়ে একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবন তালাবদ্ধ করতে বাধ্য হই।”

তিনি আরও বলেন, “দুঃখজনকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন নানা অজুহাত দেখিয়ে আমাদের যৌক্তিক দাবিকে দমন করার চেষ্টা করছে। আরও উদ্বেগজনক বিষয় হলো, বিভিন্ন মহল থেকে শিক্ষার্থীদের ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, এ ধরনের ভয়ভীতি প্রদর্শন আমাদের ন্যায্য দাবি থেকে সরাতে পারবে না।”

সংবাদ সম্মেলন থেকে শিক্ষার্থীরা দ্রুত সমাধান না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং শিক্ষা মন্ত্রণালয়ের জরুরি হস্তক্ষেপ দাবি করেন তারা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram