

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার এলাকায় অতিরিক্ত দামে তেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ৪০ ধারায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে পরিচালিত এ অভিযানে বাংলাবাজারের 'আরিফ ফুয়েল সাপ্লাই' নামক প্রতিষ্ঠানের মালিক আব্দুল মতিনকে ২৫ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরূপ রতন সিংহ।
অভিযান চলাকালে ব্যবসায়ী আব্দুল মতিন অভিযোগ অস্বীকার করে বলেন, বাজারে তেলের সংকট থাকায় তিনি বেশি দামে তেল সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন। এ কারণে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ সঠিক নয় বলেও দাবি করেন তিনি।
একইসঙ্গে তিনি উল্লেখ করেন, রাজনৈতিক রেষারেষির কারণে কিছু সংখ্যক লোক অপপ্রচার করছে। অথচ তেলের অভাবে সাধারণ মানুষও চরম ভোগান্তিতে পড়ছেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

