

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে তেলভর্তি ট্রাক ডাকাতির ঘটনায় জড়িত দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত ট্রাক, তেল বিক্রির নগদ ১ লাখ ৯২ হাজার টাকা এবং ডাকাতির সময় ব্যবহৃত পুলিশের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
আটককৃত ডাকাত দলের দুই সদস্য হলো, নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার রামভদ্রেরবাগ এলাকার নুর মোহাম্মদ এর ছেলে আজিজুল (৩১) এবং গাইবান্ধা জেলার সাঘাটা থানার তুলসীঘাট এলাকার মৃত গাজি রহমান এর ছেলে মোকলেস (৩৩)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে ট্রাকচালক ইছরাফিল হোসেন মিয়া ও তার সহকারী আবু বক্কর ঢাকার একটি স্থান থেকে ৭৫ ব্যারেল পামওয়েল (প্রায় ১৩ হাজার ৯৫০ লিটার), যার আনুমানিক মূল্য ২৫ লাখ ১১ হাজার টাকা, ঝিনাইদহের উদ্দেশ্যে নিয়ে রওনা দেন। রাত আনুমানিক ১২টা ২৫ মিনিটে শরীয়তপুর জেলার নাওডোবা এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাতনামা পিকআপ ট্রাকটির গতিরোধ করে। এরপর একদল ডাকাত ট্রাকটির নিয়ন্ত্রণ নেয়। এ সময় তারা চালক ও সহকারীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। পরে রাত প্রায় ২টা ১৫ মিনিটে শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে তাদের হাত-পা ও চোখ বেঁধে ফেলে রেখে ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় শিবচর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। মাদারীপুর জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন কাদেরের নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের আড়াইহাজার ও সোনারগাঁ, নরসিংদী ও কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ডাকাত দলের দুই সদস্য—আজিজুল (৩১) ও মোকলেস (৩৩)—কে গ্রেফতার করা হয়। এ সময় লুণ্ঠিত ট্রাক, তেল বিক্রির নগদ ১ লাখ ৯২ হাজার টাকা, পুলিশের খোয়া যাওয়া ৪টি সাউন্ড গ্রেনেড, ৩টি টিয়ার গ্যাস, একটি ব্যাটন ও একটি হেলমেট উদ্ধার করা হয়।
সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন কাদের জানিয়েছে, ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ছাড়া গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে বলেও জানানো হয়েছে।

