

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার: প্রস্তাবিত কক্সবাজার–মহেশখালী সেতু/টানেল নির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। সভায় অর্থনীতি, পর্যটন, পরিবেশ, নদী শাসনসহ বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে সেতু নির্মাণের বিষয়ে প্রাথমিক আলোচনা করা হয়।
এ সময় সচিব বলেন, অন্তর্বর্তী সরকারের সময় সেতু নির্মাণের অগ্রগতি তেমন হয়নি। তবে নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর এই প্রকল্প বাস্তবায়নের পথে এগিয়ে যাবে। তিনি আরও বলেন, মহেশখালীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন কক্সবাজার–মহেশখালী সেতু। বর্তমান সরকার এ সেতুর নির্মাণ কাজ দ্রুত শুরু করবে।
জেলা প্রশাসক মো. এ. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজিবসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা এবং কক্সবাজার ও মহেশখালীর বিশিষ্ট ব্যক্তিরা।

