

আশরাফুল ইসলাম, শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি ও পরিবহনের দায়ে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে বিক্রিত দুইশত লিটার ডিজেল জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্ট এক ব্যক্তিকেও জরিমানা করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার বাগআঁচড়া পাঁচপুকুর এলাকায় বিজিবি টাস্কফোর্স ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে এ কার্যক্রম পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম। এ সময় নাভারণ হাইওয়ে থানা পুলিশের একটি দলও উপস্থিত ছিল।
অভিযান সূত্রে জানা যায়, মেসার্স জোহরা ফিলিং স্টেশন সরকারি নিয়ম অমান্য করে প্রায় ২০০ লিটার ডিজেল অবৈধভাবে কেনাবেচা এবং ভ্যানযোগে পরিবহন করছিল। এ অপরাধে ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অতিরিক্ত তেল ক্রয় ও অবৈধ পরিবহনের দায়ে শাহাবুদ্দিন নামে এক ব্যক্তিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
জব্দকৃত ডিজেল পরবর্তীতে নিলামের মাধ্যমে বিক্রি করে প্রায় ১৯ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে জানায় প্রশাসন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম বলেন, “অবৈধভাবে জ্বালানি তেল মজুত, বিক্রি ও পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় প্রশাসনের এমন উদ্যোগ চলমান থাকলে এলাকায় স্বস্তি ফিরবে বলে জানান সচেতন মহল।
