

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: পঞ্চম বারের মতো মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন সিংগাইর থানার চৌকস এএসআই আব্দুল জলিল। গত সোমবার (১৩ এপ্রিল) মানিকগঞ্জ পুলিশ সুপার কর্তৃক আয়োজিত মাসিক অপরাধ সভায় জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসারের সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তার হাতে তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মহরম আলী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার শিবালয় সার্কেল সাদিয়া সাবরিনা চৌধুরী, সিনিয়র সহকারি পুলিশ সুপার সিংগাইর সার্কেল ফাহিম আসজাদ ও সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (ওসি) মাজহারুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এএসআই আব্দুল জলিল সিংগাইর থানায় যোগদানের পর থেকেই গ্রেপ্তারি পরোয়ানা তামিল, আসামী গ্রেফতার, মাদক উদ্ধার, ইভটিজিং ও অপরাধ দমনসহ পেশাগত কাজ করে ব্যাপক প্রশংসিত হন। এরই অংশ হিসেবে বারবার জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হন তিনি।
এএসআই আব্দুল জলিল বলেন, যেকোনো ভাল কাজের স্বীকৃতি স্বরূপ পুরস্কার পেলে আনন্দিত হওয়ার পাশাপাশি কাজের প্রতি দায়বদ্ধতা আরো বৃদ্ধি পায়। সেই সঙ্গে ভালো কাজ করতে যেকোনো মানুষকে অনুপ্রেরণা বা উৎসাহ যোগায়। আমি সব সময় চেষ্টা করি আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করার।
তিনি আরো বলেন, আমার এই সফলতার পেছনে পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম, সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ ও ওসি মো: মাজহারুল ইসলামসহ থানার সকল পুলিশ সদস্যের অবদান রয়েছে। আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

