

শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার নাভারণ বাজারে অবস্থিত বকুল জুয়েলার্সে চুরির ঘটনায় দুই নারীকে আটক করেছে স্থানীয় জনতা ও পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুইজন নারী ক্রেতা সেজে দোকানে প্রবেশ করে। তারা রূপা ও স্বর্ণের বিভিন্ন গহনা দেখার একপর্যায়ে কৌশলে একটি রূপার চেইন ও একটি স্বর্ণের নাকফুল চুরি করে পালানোর চেষ্টা করে। এ সময় দোকানের মালিক রফিকুল ইসলাম বকুল বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে ওই দুই নারীকে আটক করে। পরে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে তাদের পরিচয় জানা যায়— হাসিনা বেগম (পিতা: হাকিম উদ্দিন) ও সালমা বেগম (পিতা: তছির উদ্দিন)। তারা রংপুর জেলার পীরগঞ্জ থানার লাটমিটিপুর এলাকার বাসিন্দা।
আটকের পর তাদের কাছ থেকে একটি রূপার চেইন ও একটি স্বর্ণের নাকফুল উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত জব্দ করে এবং অভিযুক্তদের হেফাজতে নেয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের আটক করে এবং চুরি হওয়া গহনা উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। প্রাথমিক তদন্তে এটি পরিকল্পিত চুরির ঘটনা বলে ধারণা করা হচ্ছে।
উক্ত ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং ব্যবসায়ীদের মধ্যে সতর্কতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

