

মোঃ আনোয়ার হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুরে নজিরবিহীন ও ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। লোকমান হোসেন নামে এক প্রভাবশালী ঠিকাদার কর্তৃক উপ-সহকারী প্রকৌশলী তরিকুল ইসলামকে বাঁশ দিয়ে পেটানোর জন্য তাড়া করেছেন। একজন সরকারি কর্মকর্তার ওপর জনসম্মুখে এমন আচরণের ঘটনায় নবীনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে শিবপুরে রাস্তার উন্নয়নমূলক কাজ চলাকালীন প্রকৌশলী তরিকুল ইসলামের সঙ্গে ঠিকাদার লোকমান হোসেনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লোকমান হোসেন উত্তেজিত হয়ে বাঁশ নিয়ে ওই কর্মকর্তাকে মারধর করার জন্য ধাওয়া করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে সচেতন মহলে তীব্র সমালোচনার ঝড় ওঠে। স্থানীয়রা আক্ষেপ করে বলছেন- নবীনগরকে মানুষ শিল্প-সংস্কৃতির জন্য চেনে, সেখানে এমন "বাঁশ-সংস্কৃতি" কোনো ভাবেই মেনে নেওয়া যায় না।
এই ঘটনায় স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এম.এ মান্নান তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এমপি বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, "একজন সরকারি কর্মকর্তা পেশাগত দায়িত্ব পালনকালে এ ভাবে লাঞ্ছিত হওয়া অত্যন্ত দুঃখজনক। অপরাধী যেই হোক, তাকে ছাড় দেওয়া হবে না। আমি পুলিশকে নির্দেশ দিয়েছি আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ঠিকাদার লোকমান হোসেনকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।"

