ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৪০
logo
প্রকাশিত : এপ্রিল ৯, ২০২৬

সোনাদিয়ায় দুষ্কৃতিকারীদের হামলা থেকে নিউজিল্যান্ডের পর্যটকদের উদ্ধার করল কোস্ট গার্ড

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীর সোনাদিয়া চরে সমুদ্রপথে ভ্রমণরত নিউজিল্যান্ডের একদল পর্যটকের ওপর দুষ্কৃতিকারীদের হামলার ঘটনা ঘটেছে। তবে কোস্ট গার্ডের তাৎক্ষণিক অভিযানে তারা প্রাণে রক্ষা পেয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নিউজিল্যান্ডের নাগরিক মি. জন এডওয়ার্ড পাডনি তাঁর পরিবারের চার সদস্যকে নিয়ে বিশ্বভ্রমণের উদ্দেশ্যে ২০২৪ সালে টুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন। নিজস্ব পরিকল্পনার অংশ হিসেবে তারা একটি কাঠের বোট বা ট্রলারের মাধ্যমে সমুদ্রপথে বিশ্বভ্রমণে বের হওয়ার উদ্যোগ নেন।

বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাংলাদেশ কোস্ট গার্ড নিরাপত্তাজনিত ঝুঁকি পর্যালোচনা করে তাদের এ ধরনের সমুদ্রযাত্রা থেকে নিরুৎসাহিত করে। একই সঙ্গে গত ১ মার্চ তাদের প্রয়োজনীয় নিরাপত্তা নির্দেশনা দেওয়া হয়। পরবর্তীতে পাসপোর্ট যাচাইয়ে দেখা যায়, তাদের পাসপোর্টের মেয়াদ গত ১৬ জানুয়ারি ২০২৬ তারিখে উত্তীর্ণ হয়েছে।

কর্তৃপক্ষের নির্দেশনা উপেক্ষা করে তারা কক্সবাজার জেলার মহেশখালীর সোনাদিয়া চরে বোটসহ অবস্থান করছিলেন। এ অবস্থায় গত ৮ এপ্রিল রাতে একদল দুষ্কৃতিকারী তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

সংবাদ পাওয়ার পরপরই বাংলাদেশ কোস্ট গার্ডের একাধিক আভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে। এ সময় তারা দক্ষতার সঙ্গে পর্যটকদের জীবিত উদ্ধার করে। পাশাপাশি ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালিয়ে লুট হওয়া অধিকাংশ মালামাল উদ্ধার করে পর্যটকদের কাছে হস্তান্তর করা হয়।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। জড়িতদের গ্রেপ্তার এবং অবশিষ্ট মালামাল উদ্ধারে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত পর্যটকদের বর্তমানে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে।

তাদের পরবর্তী করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয় কার্যক্রম চলছে। উদ্ধারের পর মি. জন এডওয়ার্ড পাডনি বাংলাদেশ কোস্ট গার্ডের দ্রুত ও কার্যকর পদক্ষেপের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram