

শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে তিন দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেল ৫টায় শহরের শেরপুর সরকারি ডি. জে. মডেল হাইস্কুল মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান হিমু আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু এবং পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে দুপুর ১২টা থেকে খেলার মাঠের এক কোণে তাঁবুর নিচে মেলার কার্যক্রম শুরু হয়। নানা বয়সী মানুষের সরব উপস্থিতিতে মেলায় সৃষ্টি হয়েছে প্রাণবন্ত পরিবেশ। কিশোর-কিশোরী, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে মেলাটি হয়ে উঠেছে মুখর।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে বিশ্ব সাহিত্য কেন্দ্র এই ভ্রাম্যমাণ বইমেলার আয়োজন করেছে। আগামী মঙ্গলবার (৭ এপ্রিল) পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলাটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
মেলার ইনচার্জ অমিত চক্রবর্তী জানান, দ্বিতীয় দিন সোমবার (৬ এপ্রিল) চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে শিশু শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। প্রতিযোগিতার বিষয় হিসেবে রাখা হয়েছে ‘যেমন খুশি’, ‘গ্রামের দৃশ্য’, ‘ভাষা আন্দোলন’ এবং ‘জেলার ইতিহাস’। মেলার শেষ দিন মঙ্গলবার বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। মেলায় বিশ্ব সাহিত্য কেন্দ্রসহ বিভিন্ন প্রকাশনার প্রায় ১০ হাজার বই প্রদর্শন ও বিক্রির জন্য রাখা হয়েছে।
মেলায় ঘুরে দেখা যায়, আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা শিশু-কিশোরদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারাও উপস্থিত রয়েছেন। কেউ বই হাতে নিয়ে পড়ছেন, আবার অনেকেই পছন্দের বই কিনতে ব্যস্ত সময় পার করছেন।
মেলার বিক্রয়কর্মী রুবেল রানা জানান, বইয়ের নির্ধারিত মূল্যের ওপর ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকলে দর্শনার্থীর সংখ্যা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
শেরপুর সরকারি ডি. জে. মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক সোমা সাহা বলেন, “এ ধরনের বইমেলা শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুরু থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের আগ্রহ চোখে পড়ছে।”
ফুলবাড়ি হামিদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থী মাহবুবুর রহমান বলেন, “স্থানীয় অধিকাংশ বইয়ের দোকানে শুধু নোটবই পাওয়া যায়। প্রয়োজনীয় বই সংগ্রহের সুযোগ কম। এই মেলায় এসে সেই সুযোগ পেয়েছি।”
ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সাইফা আক্তার জানায়, “আমাদের স্কুলে লাইব্রেরি নেই। পাঠ্যবইয়ের বাইরে পড়ার সুযোগ কম। এখানে এসে বিভিন্ন বই দেখে পড়ার আগ্রহ তৈরি হয়েছে। আগামীকাল কিছু বই কিনব।”
তিন সন্তানকে নিয়ে মেলায় আসা গৃহিণী সবিতা রানী বলেন, “শুধু পাঠ্যপুস্তক পড়লে শিশুদের একঘেয়েমি তৈরি হয় এবং মোবাইলের প্রতি আসক্তি বাড়ে। তাই তাদের বইমেলায় এনেছি, যাতে বই পড়ার অভ্যাস গড়ে ওঠে। এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া প্রয়োজন।”
