

সুজন হোসেন রিফাত, রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের রাজৈরের আলোচিত গৃহবধূ ঝুনু হত্যা মামলার প্রধান আসামি তরিকুল ইসলামকে মামলা দায়েরের ১২ ঘন্টার মধ্যেই গ্রেপ্তার করেছে রাজৈর থানা পুলিশ। এতে ভুক্তভোগীর পরিবার সন্তোষ প্রকাশ করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের নরেরকান্দি গ্রামের অটোচালক মিজানুর শেখের স্ত্রী ও তিন কন্যা সন্তানের জননী গৃহবধূ ঝুনু বেগমের (৩৯) সাথে। গত শুক্রবার সকালে এই ঘটনা ঘটে। বাড়ির পাশে রসুন ক্ষেতের লুকানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামি পাশের জেলা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার রাজেশ্বরদী গ্রামের সিরাজ হাওলাদারের ছেলে।
রোববার (৫ এপ্রিল) দুপুরে ভুক্তভোগীর স্বামী মিজানুর জানান, গত শুক্রবার সকালে বাড়ির পাশে রসুন ক্ষেতের জমিতে রসুন টোকাইতে গেলে একা পেয়ে তরিকুল ইসলাম আমার স্ত্রীকে ব্যাভিচার করার চেষ্টা করে, আমার স্ত্রী বাধা দিলে ধস্তাধস্তি হয়, এক পর্যায়ে আমার স্ত্রী ঝুনু বেগমকে ঘার মটকে হত্যা করে, আমি এর বিচার চাই। আমি সবার ফাঁসি চাই।
রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ মো আমিনুল ইসলাম জানান, ঝুনু হত্যা মামলা রুজু হওয়ার ১২ ঘন্টার মধ্যেই র্যাবের সহায়তায় কুষ্টিয়া সদর থেকে মামলার প্রধান আসামি তরিকুল ইসলামকে গ্রেপ্তার করি, অন্য আসামি গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে।

