

কেরানীগঞ্জ প্রতিনিধি: আজ ২ এপ্রিল কেরানীগঞ্জের ইতিহাসের অন্যতম বিভীষিকাময় গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র মানুষের ওপর নির্মম হত্যাযজ্ঞ চালায়। কয়েক ঘণ্টার এই বর্বরতায় প্রায় ৫ হাজারের বেশি নারী-পুরুষ, শিশু ও বৃদ্ধ শহীদ হন।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। এসময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে ঢাকায় শুরু হওয়া অপারেশন সার্চলাইট থেকে বাঁচতে হাজারো মানুষ বুড়িগঙ্গা পাড়ি দিয়ে কেরানীগঞ্জে আশ্রয় নেন। পরবর্তীতে মুক্তিযোদ্ধাদের উপস্থিতির অজুহাতে ২ এপ্রিল ভোরে পাক বাহিনী জিনজিরা, আগানগর ও শুভাঢ্যা এলাকায় পরিকল্পিত হামলা চালায়। সেদিন নির্বিচারে গুলি, ব্রাশফায়ার ও হত্যাযজ্ঞে অসংখ্য নিরীহ মানুষ প্রাণ হারান। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে হৃদয়বিদারক নানা ঘটনা, যা আজও কেরানীগঞ্জের ইতিহাসে বেদনাদায়ক স্মৃতি হয়ে রয়েছে।
দিবসটি উপলক্ষে আজ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, দোয়া মাহফিল।

