ঢাকা
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:১৩
logo
প্রকাশিত : মার্চ ২৮, ২০২৬

চা বিক্রেতার বাড়িতে মিলল ১২২ লিটার ডিজেল

মাগুরার শ্রীপুরে এক চা বিক্রেতার বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত রাখা ১২২ লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন। তবে অভিযানের সময় অভিযুক্ত ব্যক্তিকে তার বাড়িতে পাওয়া যায়নি।

শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের দোরাননগর গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, দোরাননগর গ্রামের চা বিক্রেতা নির্মল বিশ্বাস কেতু তার বাড়িতে ব্যারেলের মধ্যে অবৈধভাবে ডিজেল মজুত করে রেখেছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানকালে তার বাড়ি থেকে ব্যারেলের মধ্যে সংরক্ষিত ১২২ লিটার ডিজেল জব্দ করা হয়। তবে অভিযানের সময় নির্মল বিশ্বাস কেতুকে পাওয়া যায়নি।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ জনসাধারণের সঙ্গে আলোচনা করে সবার সম্মতিতে জব্দকৃত ডিজেল স্থানীয় কৃষকদের মাঝে সরকার কতৃক নির্ধারিত রেটে বিক্রয়ের উদ্যোগ নেন। প্রতি কৃষকের কাছে ২ লিটার করে সরকারি নির্ধারিত মূল্যে লিটারপ্রতি ১০২ টাকা দরে বিক্রি করা হয়। বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে জানানো হয়।

অভিযানকালে কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আইয়ুব হোসেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সহকারী প্রশাসনিক কর্মকর্তা অনিক কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বলেন, অবৈধভাবে ডিজেল, পেট্রোল ও অকটেন মজুতকারীদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান কাদিরপাড়া ইউনিয়নের দোরাননগর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ১২২ লিটার ডিজেল জব্দ করা হয়।

অভিযুক্ত ব্যক্তিকে না পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা সম্ভব হয়নি। তবে স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণের সম্মতিতে তা স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি করা হয়েছে এবং প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। অবৈধভাবে তেল মজুতকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram