

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারী এলাকায় ক্ষুধার্ত একটি বানরকে মানুষের রান্নাঘরে ঢুকে হাঁড়ির ভাত খেতে দেখা গেছে। প্রকৃতিতে খাদ্য ও আবাসস্থল সংকটের কারণে বন্যপ্রাণীরা এখন বনের সীমানা ছাড়িয়ে লোকালয়ে এসেছে বলে ধারণা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বনাঞ্চলে আগের মতো ফলমূল ও প্রাকৃতিক খাদ্যের সংস্থান না থাকায় খাবারের সন্ধানে বানরের দল প্রায়ই লোকালয়ে হানা দিচ্ছে।
বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার শ্যামপাড়া গ্রামের একটি বাড়িতে ঢুকে পড়ে একটি বানর। বাড়ির লোকজন কিছু বুঝে ওঠার আগেই সেটি সরাসরি রান্নাঘরে গিয়ে ভাতের হাঁড়ি থেকে ভাত খাওয়া শুরু করে। ক্ষুধার্ত প্রাণীটির এই দৃশ্য দেখে বাড়ির লোকজন তাড়িয়ে না দিয়ে বরং চুপচাপ তা প্রত্যক্ষ করেন।
উপজেলার সদর বাজারের ব্যবসায়ী ইব্রাহীম শেখ জানান, মাঝে-মধ্যে এলাকায় বানরের দেখা মিলছে। লোকজনের ভয়ে তারা এদিক-ওদিক ছুটাছুটি করছে। বাচ্চারা অনেক সময় এদের পিছু নিয়ে ঢিল ছুঁড়ছে। সরকারি উদ্যোগ নিয়ে এদের বনে ফেরানো উচিৎ।
এ বিষয়ে খুলনা বিভাগীয় বন কর্মকর্তা নির্মল পাল জানান, বানরগুলি সুন্দরবন বা অন্য এলাকা থেকে আসতে পারে। এদের ঢিল ছোঁড়া যাবে না। খাবার খেতে দিলে ওরা লোকালয়ে থেকে যাবে আর কোন খাদ্য-খাবার না দিলে ওরা গন্তেব্যে ফিরে যাবে বলে জানান তিনি।
