ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:১৯
logo
প্রকাশিত : মার্চ ১৫, ২০২৬

কক্সবাজার সমুদ্র সৈকতে সরানো হলো ৬ শতাধিক স্থাপনা

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজার সমুদ্র সৈকতের শৃঙ্খলা ও সৌন্দর্য ফিরিয়ে আনতে প্রশাসনের উদ্যোগে সৈকতের বিভিন্ন স্থাপনা সরিয়ে নেওয়া হয়েছে। রবিবার (১৫ মার্চ) সকাল থেকে সৈকতের সুগন্ধা পয়েন্টে উচ্ছেদ কার্যক্রমের প্রস্তুতি শুরু করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনার পর জেলা প্রশাসনের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানের জন্য সেখানে বলডোজার আনা হয় এবং মাইকিং করে ব্যবসায়ীদের স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

পরে ব্যবসায়ীরা নিজেরাই তাদের দোকানপাট ও অস্থায়ী স্থাপনা সরাতে শুরু করেন। বিকেল প্রায় ৩টার মধ্যে সুগন্ধা পয়েন্ট ও আশপাশের এলাকা থেকে প্রায় ৬ শতাধিক স্থাপনা সরিয়ে নেওয়া হয়।

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মনজু বিন আফনান জানান, ব্যবসায়ীরা নিজ দায়িত্বে দোকানপাট সরিয়ে নিয়েছেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথমে সকাল ১০টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। তবে দোকান ও মালামাল বেশি থাকায় তারা আরও কিছু সময় চাইলে প্রশাসন অতিরিক্ত সময় দেয়। নির্ধারিত সেই সময়ের মধ্যেই সব স্থাপনা সরিয়ে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে এ ধরনের অভিযান চলমান থাকবে এবং পর্যায়ক্রমে সৈকতের অন্যান্য এলাকাতেও একই কার্যক্রম পরিচালনা করা হবে।

এর আগে গত ৯ মার্চ কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সৈকতের শৃঙ্খলা ও সৌন্দর্য ফিরিয়ে আনতে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এদিকে সৈকতের ব্যবসায়ীরা জানান, মন্ত্রীর নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে তারা স্বেচ্ছায় দোকান সরিয়ে নিয়েছেন। তারা আশা করছেন, সরকার তাদের জন্য বিকল্প ব্যবস্থা করবে।

সুগন্ধা পয়েন্টের ব্যবসায়ী নজির হোসেন বলেন, তিনি প্রায় ১৬ বছর ধরে পর্যটকদের কাছে বার্মিজ পণ্য বিক্রি করে পরিবারের জীবিকা নির্বাহ করতেন। এখন তিনি সরকারের সহযোগিতার অপেক্ষায় আছেন। শামুক-ঝিনুক বিক্রেতা শহীদুল আলম বলেন, প্রশাসনের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তারা দোকান সরিয়ে নিয়েছেন। তবে হঠাৎ উচ্ছেদের কারণে অনেক ব্যবসায়ী আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

অন্যদিকে বার্মিজ পণ্যের দোকানদার আবুল বশর বলেন, ঈদের ব্যবসার আশায় রমজানজুড়ে তারা দোকানে মালামাল তুলেছিলেন। এখন হঠাৎ দোকান সরিয়ে নেওয়ায় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram