

মেছবাহ উদ্দিন, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মাছ ধরার জন্য সেচ দেওয়া একটি পুকুর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (আনুমানিক ৫০) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার (১৩ মার্চ) দুপুরে উপজেলার চরপার্বতী ইউনিয়নের মেহেরুন্নেসা উচ্চ বিদ্যালয়ের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাছ ধরার উদ্দেশ্যে বৃহস্পতিবার রাতে পুকুরটিতে সেচ দেওয়া শুরু করেন স্থানীয়রা। শুক্রবার সকালে পুকুরের পানি কমে গেলে স্থানীয় জেলেরা কচুরিপানা সরাতে গিয়ে একটি মরদেহ দেখতে পান। কচুরিপানার স্তূপের নিচে আটকে থাকা অর্ধগলিত দেহটি দেখতে পেয়ে তারা দ্রুত পুলিশে খবর দেন।
খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল হাকিম জানান, মরদেহটি এতটাই পচে গেছে যে তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তত এক মাস আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। কেউ মরদেহটি গুম করার উদ্দেশ্যে পুকুরে ফেলে দিয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় শনাক্তে আশপাশের থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
