ঢাকা
logo
প্রকাশিত : March 13, 2026

কুতুবদিয়া সৈকতে ভেসে আসা তিমির দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের কুতুবদিয়া সমুদ্রসৈকতে ভেসে আসা একটি বিশালাকার মৃত তিমি চার দিন ধরে পড়ে থাকায় পচে গিয়ে আশপাশের এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। দ্রুত এটি অপসারণ বা মাটিচাপা দেওয়ার কার্যকর ব্যবস্থা না নেওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। পবিত্র রমজান মাসে রোজাদারসহ সাধারণ মানুষ দুর্গন্ধে চরম দুর্ভোগে পড়ছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৭ মার্চ রাতে উপজেলার দক্ষিণ ধুরুং ইউনিয়নের পশ্চিম সমুদ্রসৈকতে মৃত তিমিটি প্রথম ভেসে আসে। পরে জোয়ারের পানিতে তিমিটি উপকূলের আরও কাছে চলে এলে ইউনিয়ন পরিষদের উদ্যোগে এক্সকাভেটর দিয়ে বালিয়াড়িতে গর্ত খুঁড়ে সেটিকে পুঁতে ফেলার চেষ্টা করা হয়।

দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ বলেন, শনিবার রাতে তিমিটিকে বালুর নিচে চাপা দেওয়া হয়েছিল। তবে পরদিন জোয়ারের তীব্র স্রোতে সেটি আবার বালিয়াড়ি থেকে বের হয়ে আসে। বর্তমানে তিমিটি পচে যাওয়ায় আশপাশের এলাকায় অসহনীয় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে বলেও তিনি জানান।

এদিকে স্থানীয়দের অভিযোগ, কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পদোন্নতির কারণে বদলি হয়েছেন এবং সহকারী কমিশনার (ভূমি) ছুটিতে রয়েছেন। পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব পালন করলেও এ বিষয়ে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

এলাকাবাসীর আশঙ্কা, তীব্র গরমে তিমির পচা দেহ থেকে সৃষ্ট দুর্গন্ধ ও জীবাণু জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তাই দ্রুত গভীর গর্ত খুঁড়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে তিমিটিকে মাটিচাপা দিয়ে সমস্যা সমাধানে জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram