

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখা এবং কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় চালু হয়েছে ‘কৃষকের বাজার’।
উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তরের সহযোগিতায় শুক্রবার (১৩ মার্চ) সকাল ১০টায় সাতকানিয়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠ এ বাজারের উদ্বোধন করা হয়।
কৃষকের বাজারের উদ্বোধন করেন সাতকানিয়া–লোহাগাড়া আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, কৃষক দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কিন্তু অনেক সময় মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষক তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পান না এবং ভোক্তাদেরও বেশি দামে পণ্য কিনতে হয়। এ সমস্যা সমাধানের লক্ষ্যেই ‘কৃষকের বাজার’ চালু করা হয়েছে, যেখানে কৃষকরা সরাসরি সবজি, ফলসহ বিভিন্ন কৃষিপণ্য বিক্রি করতে পারবেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং বাজার ব্যবস্থায় স্বচ্ছতা আনাই এ উদ্যোগের মূল লক্ষ্য। প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে এ বাজার চালু করা হয়েছে। পরে কৃষকদের সুবিধা অনুযায়ী উপযুক্ত স্থানে নিয়মিতভাবে এটি পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি তারেক হোসাইন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শুম্ভু নাথসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
