

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে তীব্র তেল সংকটের কারণে বেশ কয়েকটি ফিলিং স্টেশন সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালক ও সাধারণ মানুষ।
আজ সোমবার (০৯ মার্চ) সকালে সরেজমিনে দেখা যায়, কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় অবস্থিত কয়েকটি ফিলিং স্টেশনে তেল সরবরাহ না থাকায় স্টেশনগুলো বন্ধ রাখতে বাধ্য হন মালিকরা। অনেক চালক তেল নেওয়ার আশায় স্টেশনে এসে ফিরে যাচ্ছেন খালি হাতে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ না থাকায় ধীরে ধীরে সংকট তৈরি হয়। বিশেষ করে বাস, ট্রাক, প্রাইভেটকার ও মোটরসাইকেল চালকরা বিপাকে পড়েছেন।
একজন বাসচালক বলেন, “সকাল থেকে কয়েকটা স্টেশন ঘুরেছি, কোথাও তেল পাচ্ছি না। এভাবে চললে গাড়ি চালানোই বন্ধ হয়ে যাবে।”
ফিলিং স্টেশন মালিকরা জানান, তেল ডিপো থেকে নিয়মিত সরবরাহ না পাওয়ার কারণে তারা তেল দিতে পারছেন না। সরবরাহ স্বাভাবিক হলে স্টেশনগুলো আবার চালু করা হবে বলে তারা আশা প্রকাশ করেন।
এদিকে হঠাৎ তেল সংকটের কারণে কেরানীগঞ্জ এলাকায় পরিবহন চলাচলেও কিছুটা প্রভাব পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
