

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়া কাজীপাড়া গ্রামে মাদক ব্যবসা বন্ধের দাবিতে মানববন্ধন করেছে গ্রামবাসী। এ সময় ওই এলাকাকে মাদকমুক্ত ঘোষণা করেন এলাকাবাসী।
আজ শুক্রবার বাদ জুমা সদর উপজেলার বারোঘরিয়া কাজীপাড়া জামে মসজিদের সামনে এই মানববন্ধনে বক্তব্য রাখেন, বারঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশীদ, সদর উপজেলা জামায়াতের আমীর আব্দুল আলিম, কাজীপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা রিয়াজুল ইসলাম, বারোঘরিয়া ইউনিয়ন পরিষদের সদস্য সবুজ ইসলাম বাবু, সাবেক ইউপি সদস্য আব্দুস সাত্তার, গ্রাম্য চিকিৎসক ডা. মহিদুল ইসলাম, সমাজসেবক আলহাজ্ব আব্দুল মাজেদ, প্রবাসী শরিফুল ইসলামসহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা না নিলে সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হবে। কাজীপাড়া গ্রামকে মাদকের গ্রাম হিসেবে পরিচয় করানোর পেছনে রয়েছে মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম, গাঁজা সম্রাজ্ঞী মানুয়ারী বেগম, রিতা বেগম, ফাতেমা বেগম, রুপা বেগম। তারা প্রকাশ্যে দিন-রাত সারাক্ষণ আলু-পটলের মতো করে গাঁজা, ইয়াবা, হেরোইন বিক্রি করে।
মানববন্ধনে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন এলাকাবাসী। মানববন্ধনে স্থানীয় সাবেক ও বর্তমান জনপ্রতিনিধি, সমাজসেবক, ইমাম, মুসল্লী ও কাজীপাড়া গ্রামের বিভিন্ন বয়সী কয়েকশ নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, ‘ছোট্ট গ্রাম কাজীপাড়ায় ৪-৫ দলের একটি মাদক ব্যবসায়ী চক্রের অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী। বাইরে থেকে বখাটে মাদকসেবীরা এসে গাঁজা, ইয়াবা, হেরোইন গ্রহণ করছে প্রকাশ্যে। এতে এলাকার তরুণ যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে। এলাকার ছেলেরাও জড়িয়ে পড়ছে মাদক সেবনে। দফায় দফায় আইনশৃঙ্খলা বাহিনীকে অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেয়া হয় না। কালেভদ্রে অভিযান হলেও ছেড়ে দেয়া হয় মাদক ব্যবসায়ীদের। পুলিশের সদস্যরা এখান থেকে মাসোহারা খেয়ে রমরমা মাদক ব্যবসা চালিয়ে দিতে সহযোগিতা করছে।’
মানববন্ধনে ভবিষ্যত প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন বক্তারা।
