

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নে গ্রামীণ সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে সামনে শুরু হওয়া বর্ষা মৌসুমের প্রথম দিকে সড়কটি ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪–২৫ অর্থবছরে ইউনিয়ন পরিষদ ভবন থেকে প্রায় ৪ দশমিক ৯৫০ কিলোমিটার সড়কের সলিং উঠিয়ে কার্পেটিং করার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বিশেষ বরাদ্দ দেয়। টেন্ডারের মাধ্যমে এমএসরিফ এন্টারপ্রাইজ ও এমএস ইমু এন্টার প্রাইজ নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি দুই ভাগে বাস্তবায়নের দায়িত্ব পায়। তবে নির্মাণ কাজ শুরু হওয়ার পর থেকেই কাজের মান নিয়ে প্রশ্ন ওঠে।
এলাকাবাসীর অভিযোগ, যেখানে নিয়ম অনুযায়ী বালু ব্যবহারের কথা, সেখানে বালুর পরিবর্তে পাহাড়ি লাল মাটি ব্যবহার করা হচ্ছে। এছাড়া কংক্রিট ঢালাইয়ের পর পুনরায় বালু দেওয়ার বিধান থাকলেও সেখানেও একই ভাবে পাহাড়ের মাটি ব্যবহার করা হয়েছে বলে দাবি স্থানীয়দের।
এছাড়াও রাজনৈতিক সমস্যার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা বলেন, আমরা কয়েকবার ঠিকাদারের লোকজনকে বিষয়টি জানিয়েছি। কিন্তু তাঁরা আমাদের অভিযোগ আমলে নেয়নি। এভাবে নিম্নমানের কাজ হলে বর্ষা শুরু হলেই রাস্তা ভেঙে যাবে। তাঁরা আরও বলেন নিম্নমানের উপকরণ ব্যবহারের ফলে অল্প সময়ের মধ্যেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়তে পারে। এতে স্থানীয় শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগের শিকার হতে হবে।
এ বিষয়ে জানতে রিফ এন্টারপ্রাইজ ও ইমু এন্টারপ্রাইজের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনে সংযোগ না পাওয়ায় তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তবে এ বিষয়ে রামগড় উপজেলা এলজিইডি কর্মকর্তা মো.নাইমুল ইসলাম সাংবাদিকদের বলেন, অভিযোগের বিষয়টি আমাদের নজরে এসেছে। অতিদ্রুত সময়ের মধ্যে সরেজমিনে পরিদর্শন করে কাজের মান যাচাই করা হবে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

