

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নসিমন (ইঞ্জিন চালিত অবৈধ যান) চালক রিয়াজ শেখ (২০) নিহত হয়েছেন। নড়াইল সদর উপজেলার নড়াইল-মাগুরা সড়কের কাগজীপাড়া এলাকায় বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়াজ শেখ সদর উপজেলার ফুলস্বও গ্রামের তরিকুল শেখের ছেলে। সে নড়াইলের তৃষ্ণা ওয়াটার ড্রিংকিং এর ডেলিভারিম্যান হিসেবে কাজ করেন।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রিয়াজ প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালে নসিমনে বিশুদ্ধ পানি ডেলিভারি দেয়ার জন্য নলদি ও মিঠাপুর এলাকায় গিয়েছিলেন। এ দিন পানি ডেলিভারি দিয়ে ফেরার পথে সদর উপজেলার নড়াইল-মাগুরা সড়কের কাগজীপাড়া এলাকায় পৌঁছালে নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে রিয়াজ গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা শুরুর কিছু সময় পর জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওলি মিয়া জানান, দুর্ঘটনায় নিহতের বিষয়টি জানার পর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়।

