

খাইরুল চৌধুরী, নড়াইল (কালিয়া) প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উপজেলার নবগঙ্গা নদীর বৃহাচলা বালুমহাল এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে বড়দিয়া নৌ পুলিশ ফাঁড়ির একটি টিম সহযোগিতা করেন।
অভিযান চলাকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে আজিজুল হক নামে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস জানান, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন ও বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
