

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অ্যাম্বুলেন্স ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে তেগুরিয়া ইউনিয়নের শৈলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে একটি দ্রুতগতির অ্যাম্বুলেন্স শৈলপাড়া সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা যাত্রী ও চালকসহ মোট ৬ জন আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রেরণ করা হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নেন। দ্রুতগতির কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

