

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচর উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদবস্ত্র হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন শিবচর পৌর বিএনপির আহ্বায়ক মো. আবুল কালাম মল্লিক।
বৃহস্পতিবার (৫ মার্চ) উপজেলার গুয়াতলা এলাকায় তার নিজ বাসভবনের সামনে এ ঈদবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় তিনি নিজ হাতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদের পোশাক তুলে দেন। কর্মসূচিতে স্থানীয় শতাধিক গরিব ও সুবিধাবঞ্চিত মানুষ উপস্থিত থেকে ঈদের পোশাক গ্রহণ করেন।
এ সময় মল্লিক পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন শিবচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী মান্নান খান, মাদারীপুর জেলা তাতী দলের সদস্য সচিব শাহ আলম মাদবর, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাহাত মল্লিক, বহেরাতলা উত্তর ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সদস্য সচিব লিটন মল্লিকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ঈদবস্ত্র পেয়ে খুশি অসহায় বৃদ্ধা কহিনুর বেগম বলেন, “আমি খুবই গরিব মানুষ। ঠিকমতো খেয়ে-পরে জীবন চালানোই কঠিন। ঈদের নতুন কাপড় কেনার সামর্থ্য নেই। কালাম মল্লিক আমাকে একটি কাপড় দিয়েছেন, এতে অনেক উপকার হয়েছে। আল্লাহ যেন তাকে ভালো রাখেন।”
এ বিষয়ে মো. আবুল কালাম মল্লিক বলেন, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এবং অসহায় মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমাদের মল্লিক পরিবারের পক্ষ থেকে প্রতিবছরের মতো এ বছরও এই সামান্য উদ্যোগ নেওয়া হয়েছে। গরিব ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

