ঢাকা
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:১৩
logo
প্রকাশিত : মার্চ ৫, ২০২৬

বরিশালের উজিরপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় তিন প্রতিষ্ঠানে জরিমানা

নুরুল ইসলাম আসাদ, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণে ভ্রাম্যমাণ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (০৫ মার্চ, ২০২৬) সকাল ১১টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমী রাণী মিত্র।

অভিযান সূত্রে জানা যায়, প্রথমে উজিরপুর উপজেলা পরিষদ সংলগ্ন কলেজ রোড চৌরাস্তা এলাকায় তদারকি করা হয়। এ সময় আতিক মেডিকেল হল নামের একটি ফার্মেসিতে তল্লাশি চালিয়ে ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এমন অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়।

পরে বরাকোঠা ইউনিয়নের গড়িয়া নতুন হাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে মদিনা পোল্ট্রি ফিডে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারে অবস্থিত রাহিয়ান পোল্ট্রি ফিড নামের আরেকটি প্রতিষ্ঠানে তদারকির সময় অনিয়ম ধরা পড়লে প্রতিষ্ঠানটিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে উজিরপুর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা গোলাম মাওলা উপস্থিত ছিলেন। এছাড়া প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উজিরপুরের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক এস এম ইলিয়াস উদ্দিন। এছাড়াও সার্বিক নিরাপত্তা ও সহযোগিতায় ছিল আনসার বাহিনীর একটি টিম।

অভিযান শেষে সহকারী পরিচালক সুমী রাণী মিত্র বলেন, “জনস্বাস্থ্য রক্ষায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিতভাবে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করছে। মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি কিংবা ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ করা সম্পূর্ণ অবৈধ। এসব অনিয়ম বন্ধ করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে স্থানীয় এক ভোক্তা জানান, বাজারে অনেক সময় অজান্তেই মেয়াদোত্তীর্ণ ওষুধ বা পণ্য বিক্রি করা হয়, যা মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তিনি বলেন, “ভোক্তা অধিকার অধিদপ্তরের এমন অভিযান নিয়মিত হলে ব্যবসায়ীরা সতর্ক থাকবে এবং সাধারণ মানুষও নিরাপদ পণ্য কিনতে পারবে।” স্থানীয়দের মতে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকলে বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে এবং ভোক্তাদের অধিকার আরও সুরক্ষিত হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram