

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের চিতলমারীতে রমজানের শুরুতেই হু হু করে বাড়ছে সবজির দাম। বাড়তি দামে এসব প্রয়োজনীয় পণ্য কিনতে বেগ পোহাতে হচ্ছে নিম্নআয়ের মানুষের। হঠাৎ করে দাম বৃদ্ধিতে পছন্দের পছন্দের সবজি না কিনে খালি হাতে ফিরছেন অনেকে।
বুধবার হাটের দিনে উপজেলা সদর বাজার ঘুরে জানা গেছে, এদিন এ বাজারে প্রতিহালি (৪টি) লেবু বিক্রি হয়েছে ৮০ থেকে ১০০ টাকা দরে, যা একদিন আগে দাম ছিল ৪০ টাকা। প্রতিকেজি শসা বিক্রি হয়েছে ১০০ থেকে ১২০ টাকা দরে যা একদিন আগে বিক্রি হয়েছে ৫০ টাকায়। প্রতিকেজি বেগুন ৭৫ টাকা। একদিন আগে দাম ছিল ৫০ টাকা। ১৪০ টাকার কাঁচা মরিচ বিক্রি হয়েছে ২০০ থেকে ২৩০ টাকা কেজি দরে। পেঁয়াজ বিক্রি হয়েছে ৬০ টাকা দরে। যা একদিন আগে ছিল ৫০ টাকা। এছাড়া বিভিন্ন মসলার দাম প্রায় দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছে খুচরা বিক্রেতারা।
ঘড়ির মেকার রুহুল আমিন মিঠু, চা দোকানী ফজলুল তালুকদার, ভ্যানচালক সেলিম মিয়াসহ বাজার করতে আসা অনেকে আক্ষেপের সাথে জানান, হঠাৎ করে দাম বৃদ্ধিতে তাঁরা চরম বিপাকে পড়েছেন। পছন্দের তালিকায় থাকা অনেক প্রয়োজনীয় পণ্য কিনতে না পেরে খালি হাতে ফিরছেন অনেকে। বাজারের খুচরা মসলা বিক্রেতা তপন হাজরা জানান, হঠাৎ করেই মসলার দামও প্রায় দ্বিগুণ হয়ে গেছে। মোকামে বেশি দাম। তাই বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেন সাংবাদিকদের বলেন, নিয়মিত বাজার মনিটরিং চলছে। অযথা মূল্যবৃদ্ধি করে মানুষকে ঠকালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

