

কেরানীগঞ্জ প্রতিনিধি: সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও ভূমিদস্যুমুক্ত কেরানীগঞ্জ গড়ে তোলাই আমার মূল লক্ষ্ই বলে জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান।
আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা হলরুমে উপজেলা কর্মকর্তাবৃন্দ এবং মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এ সময় তিনি আরও বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাস বা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। এমন কাউকে প্রশ্রয় না দিয়ে সরাসরি পুলিশে দেওয়ার আহ্বান জানান তিনি।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ উমর ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ মডেল রাজস্ব সার্কেল ভূমি জান্নাতুল মাওয়া, দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল ভূমি আফতাব আহমেদ, কেরানীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন, কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার তাইবুর রহমান, উপজেলা খাদ্য অফিসার মিজানুর রহমান, উপজেলার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী ও স্কুল ও কলেজের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
