

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ঢেমশা হাঙ্গারকুল এলাকায় ভেজাল ও খোলা তেল বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ খালি বোতল, নকল লেবেল ও মোড়ক জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি বসতবাড়িতে বাজারের খোলা সয়াবিন তেল সংগ্রহ করে তা “রূপচান” নামে লেবেল লাগিয়ে বোতলজাত করার প্রমাণ মেলে।
অভিযানে বেনামী ব্র্যান্ডের নকল লেবেল, মোড়ক এবং বিপুল সংখ্যক খালি বোতল উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, একটি চক্র দীর্ঘদিন ধরে সাতকানিয়ার বিভিন্ন এলাকায় এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে আসছিল।
অভিযান চলাকালে বাড়ির মালিক তৌহিদ (৩৫) কে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তবে অভিযানের খবর পেয়ে মূল অভিযুক্ত আবদুর রহিম পালিয়ে যায়। তার বাড়ি এওচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বলে জানা গেছে।
আটককৃত তৌহিদ জানান, প্রশাসনের উপস্থিতির খবর পেয়ে রহিম দ্রুত সটকে পড়ে। তিনি বলেন, “রহিম প্রায় চার মাস ধরে আমার বাড়িতে কাজ করছিল।”
অভিযুক্ত রহিমকে গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। তার সম্ভাব্য অবস্থান শনাক্তে অনুসন্ধান অব্যাহত রয়েছে।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ধরনের ভেজাল তেল মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। তারা দ্রুত রহিমকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) সামসুজ্জামান জানান, ভেজাল ও প্রতারণামূলক পণ্যের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

