ঢাকা
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:৫৯
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বড়লেখায় চা বাগানের ৯৪ শ্রমিক-কমর্চারীর বিরুদ্ধে মামলার নির্দেশ, চরম ক্ষোভ ও অসন্তোষ

আব্দুর রব, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি: বড়লেখায় চা বোর্ড নিয়ন্ত্রিত নিউ সমনবাগ, পাথারিয়া ও মোকাম চা বাগানের শ্রমিক ও অডিট টিমের মধ্যকার মীমাংসিত একটি ঘটনায় তিন বাগানের কর্মকর্তা-কর্মচারীসহ ৯৪ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের নির্দেশ দিয়েছে চা বোর্ড। আর এতে চরম ক্ষোভ, অসন্তোষ ও উত্তেজনা বিরাজ করছে। চা বোর্ডের এমন অন্যায় ও অমানবিক নির্দেশের খবর শুনে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ভুক্তভোগী চা শ্রমিক ও শ্রমিক নেতারা বাগান ব্যবস্থাপকের কার্যালয় ঘিরে প্রতিবাদ ও নিন্দা জানান।

এদিকে নব নির্বাচিত স্থানীয় সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু শপথগ্রহণ শেষে নির্বাচনী এলাকায় ফিরেই বিষয়টি দেখে দিবেন জানিয়ে ততক্ষণ পর্যন্ত শ্রমিক-কর্মচারীদের বিরুদ্ধে কোনো মামলা না করতে প্রতিনিধির মাধ্যমে বাগান ম্যানেজারকে বার্তা পাঠিয়েছেন।

জানা গেছে, নিউ সমনবাগ, মোকাম সেকশন ও পাথারিয়া চা বাগানের শ্রমিকদের মজুরি বন্ধের ও অডিট টিমের সদস্যদের আপত্তিকর মন্তব্যের জেরে গত ১৩ জানুয়ারি প্রায় দেড় হাজার বিক্ষুব্ধ চা শ্রমিক বাগান ম্যানেজার, বাগান কর্মচারী ও অডিট টিমের সদস্যদের অবরুদ্ধ করে রাখে। এতে বাগানে চরম উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে ইউএনও গালিব চৌধুরী, থানার ওসি মো. মনিরুজ্জামান খান, স্থানীয় ইউপি চেয়ারম্যান ইমরান আহমদ-সহ নেতৃবৃন্দ ছুটে গেলে তাদের হস্তক্ষেপে অডিট টিমের প্রধান মো. সাইফুল ইসলাম নারী শ্রমিকদের প্রতি অডিট টিমের সদস্যদের অসদাচরণ ও আপত্তিকর মন্তব্যের ঘটনায় দুঃখ প্রকাশ ও ক্ষমা চান। তিনি শ্রমিকদের বকেয়া মজুরী পরিশোধ ও অন্যান্য দাবি-দাওয়া পুরণে টি বোর্ডকে যথাযথভাবে অবহিত করবেন বলায় বিক্ষুব্দ চা শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন। ইউএনও, থানার ওসি, ইউপি চেয়ারম্যান, শ্রমিক নেতা ও রাজনৈতিক নেতৃবৃন্দ তখনই বিষয়টির মীমাংসা করেন।

এদিকে ঘটনাটি মীমাংসার একমাস তিন দিন পর ১৬ ফেব্রুয়ারি চা বোর্ডের সচিব মো. মমিনুর রশীদ স্বাক্ষরিত চিঠিতে ১৩ জানুয়ারির ঘটনায় বিশৃঙ্খলা সৃষ্ঠির অভিযোগ এনে বাগানের সহকারী ববস্থাপক রাজ নারায়ন পাল, করণিক রামসুজন ভর, ষ্টোর ক্লার্ক শ্রীকুমার, হেডক্লার্ক এসএম শাহিন, টিলা ক্লার্ক দীপক কুর্মি, কামাল হোসেন, সঞ্জিত রবিদাস, সন্দ্বিপ সিংহ, টিলা স্টাফ জিতেন, নিখিল সাঁওতাল, অজিত রবি দাস-সহ ৯৪ জন কর্মকর্তা, শ্রমিক-কর্মচারীর বিরুদ্ধে ১৭ ফেব্রুয়ারির মধ্যে থানায় ফৌজদারি মামলা দায়েরের জন্য নিউ সমনবাগ চা বাগান ব্যবস্থাপক এমদাদুর রহমানকে নির্দেশ দেওয়া হয়েছে। আর এই খবরে ফুঁসে উঠেছে সমনবাগ, পাথারিয়া ও মোকাম সেকশনের চা শ্রমিকরা। মঙ্গলবার সকালেই তারা ব্যবস্থাপকের কার্যালয় ঘিরে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে।

শ্রমিক নেতারা জানান, শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের ব্যবস্থা না নিয়ে চা বোর্ড তাদের চাকুরিচ্যুতির ষড়যন্ত্র চালাচ্ছে। ওইদিন অডিটের লোকজন আমাদের মা-বোনদের নিয়ে অশ্লীল মন্তব্য করায় আমরা প্রতিবাদ করেছি। উনারা এমন ব্যবহারের জন্য ক্ষমা চাইল ও দুঃখ প্রকাশ করল। একমাস পর এখন আমাদের বিরুদ্ধে ফৌজদারি মামলার নির্দেশ কিসের ইঙ্গিত। টি বোর্ডের কিছু অফিসার আমাদের চা বাগান ধ্বংসের লিলায় মেতেছে।

নিউ সমনবাগ চা বাগানের ম্যানেজার এমদাদুর রহমান জানান, টি বোর্ড থেকে ৯৪ জন কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের একটি তালিকা পাঠানো হয়েছে। ১৩ জানুয়ারি ঘটনায় তাদের বিরুদ্ধে মঙ্গলবারের (১৭ ফেব্রুয়ারি) মধ্যে থানায় ফৌজদারি মামলা দায়েরের নির্দেশনা দেওয়া হয়েছে। এই আসনের নব নির্বাচিত সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু প্রতিনিধির মাধ্যমে তিনি এলাকায় ফেরার পূর্ব পর্যন্ত মামলা দায়ের না করার অনুরোধ করেছেন। তিনি বিষয়টি চা বোর্ডকে জানিয়েছেন।

সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠুর প্রতিনিধি উপজেলা যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন ও দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম জানান, ১৩ জানুয়ারি ঘটনাটি ইউএনও ও থানার ওসি মীমাংসা করেছেন। তখন অনেকের সাথে তারা উপস্থিত ছিলেন। ওই ঘটনায় নিরীহ শ্রমিক-কর্মচারীদের বিরুদ্ধে মামলা দেওয়ার মতো কিছু ঘটেনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার গঠনের মুহূর্তে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে ফ্যাসিস্ট শেখ হাসিনার কতিপয় আমলা পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে। তারা ইচ্ছা করে শ্রমিকদের উসকে দিতে চাচ্ছে। চা শ্রমিক-কর্মচারিদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশনার বিষয়টি আমাদের এমপি সাহেব অবহিত হন। তিনি এলাকায় ফেরার পূর্ব পর্যন্ত মামলা দায়ের না করতে ম্যানেজারকে জানাতে আমাদের পাঠিয়েছেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram