ঢাকা
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:৫৪
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৬, ২০২৬

সাতকানিয়ায় রাতের আঁধারে কৃষিজমি ও পাহাড় কেটে লুট, পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা এওচিয়া নলুয়া ইউনিয়নে রাতের আঁধারে অবাধে কাটা হচ্ছে কৃষিজমির উর্বর টপসয়েল ও পাহাড়ি মাটি। এতে দ্রুত নষ্ট হচ্ছে আবাদি জমি ও পাহাড়ি বনাঞ্চল। স্থানীয়দের অভিযোগ, এওচিয়া চনখোলা এলাকা ও নলুয়া ইউনিয়নে সংঘবদ্ধ কিছু মাটি খেকো চক্র প্রভাব খাটিয়ে এই অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে ডাম্পার ও এক্সকাভেটর নিয়ে এসে কৃষিজমির ওপরের উর্বর মাটি, পাহাড়ি মাটি ও গাছ কেটে নেওয়া হচ্ছে। কেউ বাধা দিতে গেলে ভয়ভীতি দেখানো হয়। কাটা মাটি ব্যবহার করা হচ্ছে এলাকায় গড়ে ওঠা অবৈধ ইটভাটাগুলোতে। পাশাপাশি পাহাড়ি গাছ পুড়িয়ে ইটভাটার জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে, যা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরেই এভাবে মাটি কাটা চলছে। গত ১৭ বছর ধরে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এ কার্যক্রম চললেও ভয়ের কারণে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে পারেননি। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পরও একইভাবে মাটি কাটা অব্যাহত রয়েছে বলে অভিযোগ উঠেছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, রাত্রীকালীন অভিযান পরিচালনা করা হচ্ছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এ পর্যন্ত প্রায় ৩০ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া ২০টি এক্সকাভেটর ও ১০টি ডাম্পার অচল করে দেওয়া হয়েছে। তিনি জানান, অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

তবে স্থানীয়দের দাবি, মাঝে মাঝে অভিযান হলেও প্রভাবশালীদের কারণে স্থায়ীভাবে এই অবৈধ কার্যক্রম বন্ধ করা যাচ্ছে না।

পরিবেশ বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, কৃষিজমির টপসয়েল একবার কেটে নিলে জমির স্বাভাবিক উর্বরতা ফিরিয়ে আনা প্রায় অসম্ভব। পাহাড় কাটা হলে ভূমিধস, জলাবদ্ধতা ও আকস্মিক বন্যার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। এতে কৃষি উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি জনজীবনও হুমকির মুখে পড়ে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram