

মেছবাহ উদ্দিন, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালী-৫ আসনের ধানের শীষ প্রতীকের বিজয়ী প্রার্থী আলহাজ ফখরুল ইসলাম ও জামায়াতে ইসলামের দাঁড়িপাল্লা প্রতীকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন বসুরহাট কেন্দ্রীয় জামে মসজিদে একসঙ্গে জুমার নামাজ আদায় করেছেন। তাদের এই উপস্থিতি এলাকায় রাজনৈতিক সৌহার্দ্য ও সম্প্রীতির ইতিবাচক বার্তা হিসেবে দেখা গেছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে তারা স্থানীয় জনপ্রতিনিধিদের পাশে দাঁড়িয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নোয়াখালী-৫ আসনের উন্নয়নমূলক সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা রাখার আশ্বাস দেন। এ সময় নির্বাচনে বিজয়ী হওয়ায় আলহাজ ফখরুল ইসলামকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান অধ্যক্ষ বেলায়েত হোসেন।
আলহাজ ফখরুল ইসলামকে কাছে পেয়ে উপস্থিত মুসল্লিদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। অনেক মুসল্লি তার সঙ্গে সেলফি তোলেন এবং সেই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা আশা প্রকাশ করেন রাজনৈতিক সৌহার্দ্য বজায় রেখে সম্মিলিত উদ্যোগে নোয়াখালী-৫ আসনের উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।
