

মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, নড়াইল (কালিয়া) প্রতিনিধি: নড়াইল-১ সংসদীয় আসনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। জেলার কালিয়া উপজেলা ও নড়াইল সদর(আংশিক) পোস্টাল ১টিসহ ১১২টি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের তৎপরতায় নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হয়।
ভোটগ্রহণ শেষে রাতে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মোহাম্মদ আবদুল সালাম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফল অনুযায়ী, বিশ্বাস জাহাঙ্গীর আলম মোট ৯৯ হাজার ৯৭৫ ভোট পেয়ে বিজয় অর্জন করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ওবায়দুল্লাহ পান ৭৫ হাজার ২২৫ ভোট। ফলে ২৪ হাজার ৭৫০ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত হয়।
বিজয়ের প্রতিক্রিয়ায় বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, এই সাফল্য নড়াইলবাসীর সম্মিলিত অর্জন। জনগণ যে আস্থা ও ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ভবিষ্যতে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার করেন।
ফলাফল ঘোষণার পর বিভিন্ন এলাকায় সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ দেখা যায়। বিজয় মিছিল, আনন্দ উল্লাস ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে নেতাকর্মীরা তাদের আনন্দ প্রকাশ করেন।
