

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মোহাম্মদ সুমন (২৬)। শুক্রবার সকালে উপজেলার পদুয়া ইউনিয়নের সারাশিয়া খাজা গরীবে নেওয়াজ মাজার গেইট এলাকা থেকে তার লাশটি উদ্ধার করেন পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পদুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সারাশিয়া গ্রামের দরগাভিটা এলাকার বাসিন্দা মোহাম্মদ সুমন গত বৃহস্পতিবার রাতে তার এক ফুফাতো ভাইয়ের মেয়ের বিয়ে সংক্রান্ত এক ঘরোয়া বৈঠকে অংশ নেন। কথাবার্তা শেষে রাত ৯ টায় সবাই বিয়ে বাড়ি ত্যাগ করে। এরপর আর বাড়ি ফেরেনি। পরেরদিন সকালে তার গলাকাটা লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা লাশ উদ্ধার করেন।
নিহতের বড় ভাই মোহাম্মদ রুবেল জানান, ভোর সকালে বাড়িতে এসে এক মহিলা খবর দেন খাজা গরীবে নেওয়াজ মাজার গেইটের সামনে সুমনের গলাকাটা লাশ পড়ে আছে। সুমনকে কারা হত্যা করেছে এসব তথ্য তাদের কাছে জানা নেই, সে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে। তার সাথে কারোর কোন শত্রুতা আছে বলে মনে হয় না।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রামবাসী জানান, পদুয়ার আলোচিত ডাকাত রুবেল এর সহযোগী ছিলেন সুমন। নিহত সুমনের বিরুদ্ধে চুরি, ডাকাতি, চাঁদাবাজি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় মামলা রয়েছে। সম্ভবত তার সাথে অপরাধের সাথে জড়িত অন্য কেউ এই ঘটনা ঘটিয়েছে ৷
দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি বলেন, লাশ উদ্ধার করে পোস্টমর্টেম জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে চেষ্ঠা চলছে।

