

শাজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাবেক ছাত্রদল নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আমির হোসেনকে গুলি করে হত্যার চেষ্টায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আমির হোসেন উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী গ্ৰামের মৃত কামিজ উদ্দিনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত ২ই ফেব্রুয়ারি আড়াইহাজারের পায়রা চত্বর এলাকা থেকে ব্যক্তিগত কাজ শেষে নিজস্ব প্রাইভেটকার যোগে বাড়ি ফিরছিলেন আমির হোসেন ও তার বন্ধু সাদেক। তারা বাঘানগর এলাকায় আড়াইহাজার-বিশনন্দি ফেরিঘাট বাইপাস রোডের হাজী শফিকুলের স' মিলের কাছে পৌঁছলে মোটরসাইকেল যুগে দুষ্কৃতিকারীরা এসে আমির হোসেনকে হত্যার লক্ষ্যে গাড়িতে পরপর দুটি গুলি করে। এ সময় গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে গেলে তারা প্রাণে বেঁচে যান।
আমির হোসেন জানান, পূর্ব শত্রুতার জেরেই আমাকে হত্যার চেষ্টা করেছে। আমি এখন সম্পূর্ণ নিরাপত্তাহীনতায় ভুগছি। এ ব্যাপারে আমির হোসেন ৫ই ফেব্রুয়ারি অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন।
আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আলাউদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আমির হোসেনকে হত্যার চেষ্টার রহস্য উদঘাটন পূর্বক আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

