

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে জামায়াত মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিকের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
জামায়াত প্রার্থীর প্রচার ও মিডিয়া সেলের প্রধান মুজিবুর রহমান জানান, রাতের আঁধারে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ২নং ও ৮নং ওয়ার্ডে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিকের নির্বাচনী ব্যানার ও পোস্টার ছিঁড়ে ভাঙচুর করার মাধ্যমে একটি কুচক্রী মহল প্রতিহিংসামূলক রাজনীতির বীজ বপনের অপচেষ্টা চালিয়েছে। এ ধরনের ন্যাক্কারজনক ও নিন্দনীয় কর্মকাণ্ড গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির পরিপন্থী এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশকে চরমভাবে ব্যাহত করছে।
আমরা এই সন্ত্রাসী ও অসভ্য আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে সকল রাজনৈতিক পক্ষকে সংযম প্রদর্শন ও সুস্থ, সহনশীল এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানাচ্ছি। এসব বিষয়ে জামায়াত প্রার্থী ডা. ফখরু উদ্দিন মানিক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) কে অবগত করেছেন।

