

মামুন মজুমদার, কুমিল্লা (সদর দক্ষিণ) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় যৌথবাহিনীর টহল পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা, সুয়াগাজিসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ টহল পরিচালিত হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদারের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে যৌথভাবে এ অভিযান পরিচালিত হয়।
টহল চলাকালে সুয়াগঞ্জ বাজার, চৌয়ারা বাজারসহ বিভিন্ন এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করা হয়। এ সময় নির্বাচনকালীন সার্বিক পরিস্থিতি সম্পর্কে জনসাধারণকে আশ্বস্ত করা হয় এবং সবাইকে নির্ভয়ে ভোট প্রদানের জন্য উৎসাহিত করা হয়। পাশাপাশি নির্বাচনকালীন সময়ে সহিষ্ণুতা ও শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের যৌথবাহিনীর টহল কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

