

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পর্যবেক্ষণের উদ্দেশ্যে নোয়াখালীর হাতিয়া পরিদর্শন করেছেন সহকারী নৌবাহিনী প্রধান(অপারেশন্স) রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা।
সোমবার (০২ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১ টার দিকে তিনি হাতিয়া দ্বীপ সরকারি কলেজ ক্যাম্পাসে নৌবাহিনীর ক্যাম্প পরিদর্শন করেন। এবং মাঠে নৌ-কন্টিনজেন্ট ও কোস্ট গার্ড সদস্যদের সমাবেশে জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে দিকনির্দেশনা প্রদান করেন।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ অঞ্চলের ভোটাররা যাতে শান্তিপূর্ণ ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন- সে লক্ষ্যে নৌবাহিনী ও কোস্ট গার্ডদের পেশাগত দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা রাখার জন্য পরামর্শ দেন তিনি। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় রেখে এই বাহিনীকে দায়িত্ব পালন করতেও নির্দেশনা দেন সহকারী নৌ-প্রধান।
এসময়, হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দিন, এএসপি হাতিয়া সার্কেল নুরুল আনোয়ার ও হাতিয়া থানা অফিসার ইনচার্জ মো. সাইফুল আলমসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আওয়ামী সরকার পতন পরবর্তী অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী গত বছরের ২০ জুলাই থেকে বাংলাদেশ নৌবাহিনী তাদের দায়িত্বপূর্ণ এলাকাসমূহে স্থানীয় প্রশাসনকে সহায়তাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে এই বাহিনীর সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।

