

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সেবনের দায়ে ৭ জনকে আটক করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আটককৃতরা হলেন— মোঃ রাজিব (৩১), মোঃ কানু উদ্দিন (৪০), মোঃ শামিম (৪৫), মোঃ মিলন মিয়া (৪০), মোঃ সিয়াম (২৬), মোঃ হেলাল উদ্দিন (৪১) ও মোঃ জাহিদ হাসান (৩৫)।
আজ রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার ধর্মশুর, আকছাইল, ইমান্দিপুর ও শিকারীটোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্বে দেন কেরানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া।
এ সময় তিনি বলেন, মাদক সেবন, বিক্রয় ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং এ বিষয়ে নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এই অভিযান আরও জোরদারভাবে অব্যাহত থাকবে। মাদকের ভয়াবহ আগ্রাসন সমাজ, পরিবার ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ কারণে মাদকের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান সম্পূর্ণ জিরো টলারেন্স।
তিনি আরও বলেন, একটি সুন্দর, সুস্থ ও নিরাপদ সমাজ গড়ে তুলতে হলে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি। এক্ষেত্রে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; সমাজের সর্বস্তরের জনগণের সক্রিয় অংশগ্রহণ, সচেতনতা ও সহযোগিতা অপরিহার্য। মাদকবিরোধী যেকোনো কার্যক্রমে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক ও গণমাধ্যমের সম্মিলিত উদ্যোগ মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এ লক্ষ্যে তিনি মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িতদের সম্পর্কে তথ্য প্রদানসহ মাদকবিরোধী সকল অভিযানে প্রশাসনকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আন্তরিক আহ্বান জানান। অভিযানে সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা খ সার্কেলের পরিদর্শক মোঃ জাহিদুল ইসলাম এবং কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। মোবাইল কোর্ট চলাকালে আদালত অপরাধ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

