ঢাকা
logo
প্রকাশিত : January 27, 2026

বাড়ি এসে তো দেখবে ছেলে-বউয়ের কবর, এ জামিন দিয়ে কী হবে?

স্ত্রী-সন্তান হারা বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সভাপতি জুয়েল হাসান ওরফে সাদ্দামের জামিনের খবরেও কোনো উচ্ছ্বাস নেই পরিবার ও স্বজনদের মাঝে। তারা বলছেন, স্ত্রী-সন্তান বেঁচে থাকতে জামিন হলো না, এখন জামিন দিয়ে কি হবে?

জামিনে বিষয়ে সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় সাদ্দামের মা দেলোয়ারা একরাম বলেন, আমি এখন কি বলব, জামিন হইছে, আগেও জামিন চাইছি। আগে কয়েকবার জামিন হয়েছে কিন্তু বের হতে পারেনি। এখন জামিন হওয়া, আর না হওয়া সমান কথা।

তারপরও জামিন হয়েছে ভালো কথা, কিন্তু বাড়ি এসে তো দেখবে ছেলে ও বউয়ের কবর, তাহলে এই জামিন দিয়ে কী হবে?
সাদ্দামের জামিনের খবরে ‘সন্তোষ প্রকাশ’ করে তাঁর শ্বশুর জাতীয় পার্টি নেতা রুহুল আমিন হাওলাদার বলেন, ‘আমরা প্যারোলে জামিন চেয়েছিলাম, সেই জামিন না দেওয়া অমানবিক কাজ হয়েছে। সেই বিচার চাই রাষ্ট্রের কাছে।

সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত সংগঠন) বাগেরহাট সদর উপজেলার সভাপতি জুয়েল হাসান ওরফে সাদ্দামকে ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। বর্তমানে সে যশোর জেলা কারাগারে বন্দি আছে।

গত শুক্রবার (২৩ জানুয়ারি) বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে সাদ্দামের বাড়ি থেকে তার স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী (২২) ঝুলন্ত মরদেহ ও তাঁর ৯ মাস বয়সী ছেলে সেজাদ হাসান নাজিফের নিথর দেহ উদ্ধার হয়। পরদিন বিকেলে লাশবাহী গাড়িতে করে দুজনের লাশ যশোর কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। কারাফটকে স্ত্রী-সন্তানের লাশ শেষবারের মতো দেখেন সাদ্দাম।

এ ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়।

স্ত্রী–সন্তানের মৃত্যুতে সাদ্দামকে কেন প্যারোলে মুক্তি দেওয়া হলো না, তা নিয়ে প্রশ্ন তুলেছে নেটিজেন ও মানবাধিকার সংগঠনগুলো।
বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের প্রয়াত একরাম হাওলাদার ও দেলোয়ারা একরাম দম্পতির মেঝ ছেলে সাদ্দাম। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পলায়নের পর বাগেরহাট ছেড়ে আত্মগোপনে চলে যান তিনি। তবে সে সময়ও সক্রিয় ছিল ফেসবুকসহ দলীয় কর্মকাণ্ডে। ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুবিবর রহমানের জন্মদিনে তিনিসহ বাগেরহাটের বেশ কিছু ছাত্রলীগ নেতাকর্মী মিলে করা একটি বিক্ষোভ মিছিলের ভিডিও পোস্ট করা হয়েছিল ছাত্রলীগের ফেসবুক পেজে।

নিজের আইডিতে যা তিনি রিপোস্ট ও শেয়ার করেন। এর কিছুদিন পর ২০২৫ সালের ৫ এপ্রিল গোপালগঞ্জ থেকে সাদ্দামকে গ্রেপ্তার করে পুলিশ। সেই থেকে বিভিন্ন মামলায় কারাগারে আছেন তিনি।

স্ত্রী-সন্তানের মৃত্যুর পর তাঁর প্যারোলে মুক্তির জন্য আবেদনপত্র লিখে জেলা প্রশাসন ও জেলখানায় গেছিলেন সাদ্দামের মামা হেমায়েত উদ্দিন। তিনি বলেন, প্যারোলে মুক্তির জন্য আমরা আবেদন করছি, কিন্তু আমরা ব্যর্থ। এখন এই জামিনের জন্য আমরা সবাইকে ধন্যবাদ জানাই।

সাদ্দামের শ্যালক শাহনেওয়াজ আমিন শুভ বলেন, এই জামিন দিয়ে কি হবে। এদেশে সব নাটকীয়তা। জামিন চেয়ে তাঁর করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার রুলসহ জামিনের ওই আদেশ দেন। আগে ছয়টি মামলায় জামিন পেয়েছিলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম।

সন্ত্রাসবিরোধী আইনে করা এই মামলায় নিম্ন আদালতে বিফল হওয়ার পর তাঁর জামিন চেয়ে গত সপ্তাহে হাইকোর্টে আবেদনটি করা হয়। আবেদনটি আদালতে আজকের কার্যতালিকায় ১৮৮ নম্বর ক্রমিকে ওঠে। আদালতে জামিন আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী সাঈদ আহমেদ রাজা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আকতার রুবি ও মোহাম্মদ ফজলুল করিম মণ্ডল।

সাদ্দামের আইনজীবী অ্যাড. তাজিনুর রহমান পলাশ এক ফেসবুক পোস্টে উল্লেখ করেন, বলা হয়েছে প্যারোলে মুক্তির আবেদন করা হয় নাই। এই সংবাদটা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই, বাগেরহাট জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যথাযথভাবে আবেদন করা হয়েছে। যশোর কর্তৃপক্ষ বলছেন, তারা আবেদন পান নাই। এখানে ভুক্তভোগী পরিবারের অপরাধ কি? তাছাড়া বাগেরহাটের মামলায় আসামি গ্রেপ্তার, কি কারণে যশোর কারাগারে প্রেরণ করা হয়েছে?

আইনজীবী পলাশ বলেন, সাদ্দাম গ্রেপ্তার হওয়ার পর থেকে আদালতে বিভিন্ন মামলায় জামিন পেয়েছেন। একটা মামলায় জামিন পেলে, তাকে আবার অন্য একটি পেন্ডিং মামলায় গ্রেপ্তার দেখানো হতো। সব শেষ চিতলমারীর একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। যেখানে আজ জামিন পেয়েছেন তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram