

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলায় নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন নিশ্চিতকল্পে সক্রিয় ও কঠোর ভূমিকা পালন করছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা, কদমতলী, চুনকুটিয়া, কলাতিয়া, হজরতপুর এবং আটিবাজার এলাকায় নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে নিয়মিত মনিটরিং, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।
কেরানীগঞ্জ (মডেল) সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া ও দক্ষিণ কেরানীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদের নেতৃত্বে কেরানীগঞ্জ উপজেলার বেশ কয়েকটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে স্থাপিত পোস্টার, ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয় এবং বিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
কেরানীগঞ্জ (মডেল) সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া বলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে কেরানীগঞ্জ উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে উপজেলা প্রশাসন সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করে যাচ্ছে। পুলিশ, আনসার ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে মাঠ পর্যায়ে নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে।
তিনি আরও বলেন, নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে। আচরণ বিধি সংক্রান্ত যেকোনো অভিযোগ তাৎক্ষণিকভাবে গ্রহণ করে দ্রুত ও নিরপেক্ষভাবে নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে সাধারণ জনগণ, প্রার্থী ও সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতা কামনা করেন তিনি।
কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) এর সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ বলেন, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। কেউ যদি ইচ্ছাকৃতভাবে বিধি লঙ্ঘন করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর এবং নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসেবে উপজেলা প্রশাসন এ সংক্রান্ত সকল কার্যক্রম সুচারুরূপে সম্পাদনা করবে। তিনি বলেন, একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। এ লক্ষ্যে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দল, প্রার্থী, কর্মী ও সাধারণ জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
এদিকে প্রশাসনের এসব কার্যক্রমে কেরানীগঞ্জ উপজেলায় নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
